লালমনিরহাটে প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক গোকুল রায় (৮০) হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বড়ুয়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
আটক ব্যক্তি হলেন প্রতিবেশী যিতিন্দ্রনাথ বর্মনের ছেলে অনিমেশ বর্মন (২৮)। তাকে থানার হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হামলায় আহত গোকুল রায় বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তার ছেলে অয়ন জ্যোতি রায় বাদী হয়ে মঙ্গলবার বিকেলে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী যিতিন্দ্রনাথ বর্মনের সঙ্গে গোকুল রায়ের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগে বলা হয়, এ বিরোধের জেরে যিতিন্দ্রনাথ বর্মন ও তার লোকজন বিভিন্ন সময় গোকুল রায়কে হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে বাড়িতে একা পেয়ে অনিমেশ বর্মন লোকজন নিয়ে তার ওপর হামলা চালান। এ সময় লোহার রড ও লাঠি দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে প্রতিবেশীরা আহত গোকুল রায়কে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
প্রতিবেশী শাহজাহান মণ্ডল বলেন, ‘হঠাৎ অভিযুক্তরা দলবদ্ধ হয়ে এসে হামলা চালিয়েছে। বৃদ্ধ সাংবাদিককে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়েছে। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।’
হাসপাতালে চিকিৎসাধীন গোকুল রায় বলেন, ‘আমার গ্রামের বাড়ি সদর উপজেলার বড়ুয়া এলাকায় মায়ের নামে থাকা ৪৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে বেদখল করে ভোগদখল করা হচ্ছে। ওই জমি নিয়ে আদালতে মামলা চলছে। এরই জেরে বিনা উসকানিতে হামলা চালিয়ে আমাকে আহত করা হয়েছে। আমি হামলাকারীদের বিচার চাই।’
অভিযুক্ত অনিমেশ বর্মন ও অন্যরা পলাতক থাকায় এবং তাদের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এসএস




