খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিখোঁজের ২৩ দিন পরও হাফসা আক্তার (নববধূ) নামের এক তরুণীর সন্ধান পাওয়া যায়নি। মেয়ের কী হয়েছে, তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে তার মা মুক্তা বেগম ও স্বজনদের।
নিখোঁজ হাফসা আক্তার মাটিরাঙ্গা উপজেলার ১০ নম্বর মুসলিমপুর এলাকা থেকে নিখোঁজ হন। তার স্বামী মেহেরাজ উদ্দিন ওই এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, হাফসা আক্তার মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিল গ্রামের কেফায়েত উল্লাহ ও মুক্তা আক্তারের মেয়ে। চলতি বছরের ১১ জুন পারিবারিকভাবে মাটিরাঙ্গা উপজেলার ১০ নম্বর এলাকার বাসিন্দা মেহেরাজ উদ্দিন পাটোয়ারীর সঙ্গে তার বিয়ে হয়। মেহেরাজ উদ্দিন ওই এলাকার মৃত মহিউদ্দিন পাটোয়ারী ও সাফিয়া বেগমের ছেলে।
মেহেরাজ উদ্দিন জানান, গত ২৫ আগস্ট সকালে হাফসা বাড়ি থেকে বের হন। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মেয়ের সন্ধানে মা মুক্তা বেগম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন স্থানে খোঁজ করছেন। এ ঘটনায় গত ২৬ আগস্ট বুধবার বিকেলে মাটিরাঙ্গা থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির নম্বর ১২০৬।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, মেয়ের সন্ধানে তার মা থানায় জিডি করেছেন। জিডির পরিপ্রেক্ষিতে বিধি অনুযায়ী অনুসন্ধান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এসএস




