ফরিদপুর শহরের খাবাশপুরে অবস্থিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ও এর আশেপাশে ও সড়ক বিভাগের (সওজ) সরকারি জমি দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, সরকারি জমি দখল করে বিভিন্ন দোকানপাট গড়ে ওঠায় সড়কের স্বাভাবিক প্রশস্ততা কমে গিয়েছিল। এতে সড়কটি সংকুচিত হয়ে পড়ে। পাশাপাশি মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগী ও সাধারণ পথচারীদের চলাচলেও বাধা তৈরি হচ্ছিল। দীর্ঘদিনের এ ভোগান্তি কমাতে ও সড়ক প্রসস্থ ও ড্রেনেজ ব্যবস্থার কাজ শুরুর হবে বলে জেলা প্রশাসন সমন্বিতভাবে উচ্ছেদ অভিযান চালায়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের অংশ থেকে অভিযান শুরু হয়। পরে ভাঙ্গা-ফরিদপুর গোয়ালচামট সড়কের নদী গবেষণা ইনস্টিটিউট এলাকা হয়ে ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় সওজের আওতাধীন জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে পাকা, আধাপাকা ও অস্থায়ী বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম বলেন, সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা এবং হাসপাতাল এলাকায় মানুষের চলাচল নির্বিঘ্ন করতেই এ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে সড়ক বিভাগ, জেলা পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।
উচ্ছেদ অভিযানের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি শামা ওবায়েদ, সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এবং সওজের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার ও ফরিদপুর জেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রতিনিধি/আরআর




