নেত্রকোনার বারহাট্টা উপজেলায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে শিউলী রানী বিশ্বাস (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে আগুনে দগ্ধ হন তিনি।
নিহত শিউলী রানী বারহাট্টা উপজেলা শহরের বৃকালিকা গ্রামের মিন্টু বিশ্বাসের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে ঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে রান্নাঘরসহ পুরো ঘরে আগুন লেগে যায়। আগুন দগ্ধ হন শিউলী রানী। এসময় তিনি দগ্ধ অবস্থায়ও দুই সন্তানকে বাইরে বের করে দেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শিউলীর শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেকে রেফার করা হয়।
পরে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
প্রতিবেশী কাজল চন্দ্র দাস বলেন, আগুনে মিন্টু চন্দ্র দাসের ঘরের সব কিছু পুড়ে গেছে। শিউলী রানী দাসের শরীরের প্রায় সম্পূর্ণ অংশ পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, শিউলী রানীর মৃত্যুর বিষয়টি তাঁর আত্মীয়-স্বজনের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে।
প্রতিনিধি/এজে




