মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

শেয়ার করুন:

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুতে জিন্নাহর ছবি রাখার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক আবদুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, জেলা সিপিবির সভাপতি সাজিদুল ইসলাম, জেলা উদীচীর সভাপতি ও সাংস্কৃতিক ঐক্যের সদস্য সচিব জহিরুল ইসলাম স্বপন, জেলা মহিলা পরিষদের সভাপতি সাথী চৌধুরী, জেলা উদীচীর সদস্য ফারুক আহমেদ, জেলা সিপিবির যুগ্ম সম্পাদক আসমা খানম, জেলা সিপিবির সম্পাদকমন্ডলীর সদস্য আহমেদ হোসেন, জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক ওমর ফারুক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, একাত্তরের প্রেতাত্মারা আবারো সক্রিয় হয়ে ওঠেছে । তারই বহিঃপ্রকাশ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি। অত্যন্ত পরিকল্পিতভাবেই একাত্তরের পরাজিত শক্তি এ কাজ করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ, বিভ্রান্ত করার জন্যই এসব পাঁয়তারা চলছে। বক্তারা একই দিন জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত জিন্নাহর মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের নাম পরিবর্তন করে জিন্নাহ হল রাখার দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ওই সমাবেশ থেকে মাস্টারদা সূর্যসেনকে ডাকাত, খুনি হিসেবে আখ্যাায়িত করার প্রতিবাদ জানিয়ে এই বক্তব্য প্রত্যাহারেরর আহবান  জানানো হয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর