মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে গ্রেফতার ৬৩ বিদেশি দুই দিনের রিমান্ডে

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে গ্রেফতার ৬৩ বিদেশি দুই দিনের রিমান্ডে
অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করেন। ছবি: ঢাকা মেইল

চট্টগ্রাম নগরীর অভিজাত খুলশী আবাসিক এলাকার একটি ভবন থেকে গ্রেফতার ৬৩ বিদেশি নাগরিকের প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের পক্ষ থেকে প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী।

আদালত সূত্রে জানা গেছে, শুনানি শেষে ৬৩ বিদেশির প্রত্যেককে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়। পাশাপাশি আগামী ২০ দিনের মধ্যে রিমান্ডসংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে খুলশী আবাসিক এলাকার একটি ভবনে অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশের যৌথ দল। অভিযানে চীনের পাঁচজন, লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, নেপালের একজন এবং ভিয়েতনামের একজন নাগরিককে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ল্যাপটপ, মুঠোফোনসহ ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বাংলাদেশে বসে অনলাইন জুয়া পরিচালনা এবং চাকরির বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণার কাজে জড়িত থাকার উদ্দেশ্যে তারা দেশে এসেছিলেন।

গ্রেফতার বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় মামলা দায়েরের পর তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর