মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মিয়ানমার থেকে দেড় লাখ ইয়াবা পাচারের সময় বিজিবির হাতে আটক ২

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম

শেয়ার করুন:

মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় বিজিবির হাতে আটক ২

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে পাচারের সময় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পালংখালী সীমান্তের আনজুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ৬৪ বিজিবির বিশেষ টহল দল।

আটক ব্যক্তিরা হলেন উখিয়ার আনজুমানপাড়া গ্রামের মৃত বশির আহমেদের ছেলে মো. নুর ইসলাম (২৫) এবং এফডিএমএন ক্যাম্প-১৫-এর বাসিন্দা মৃত হাচানের ছেলে মো. হারেস (২০)।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী আনজুমানপাড়া পানির পয়েন্টের উত্তর পাশে বাবুলের ঘেরের দক্ষিণ পাশের বেড়িতে অবস্থান নেয়। এ সময় মিয়ানমারের দিক থেকে ব্যাগ হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।

তাদের চ্যালেঞ্জ করা হলে নুর ইসলাম ও হারেস দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। তাদের বহন করা পলিব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টন থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশে তা বহন করছিলেন বলে স্বীকার করেছেন।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর