দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পৃথক তিনটি অভিযানে ৮৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২১১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ভারতীয় কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৪ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীন চৌঠা বিওপি, বনতারা ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ৮৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২১১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ৩৮ পিস ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস, ২৮ প্যাকেট খাবারসামগ্রী, ৪০ প্যাকেট বিড়ি, ২ কেজি জিরা, ২৪ প্যাকেট আগরবাতি ও ২ পিস জর্দা জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সিজার মূল্য ১ লাখ ১৭ হাজার ২০০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




