ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর কয়েকজনের মৃত্যুর তথ্য প্রচারের বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
সোমবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে হাসপাতালে সাংবাদিকদের তিনি বলেন, অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে পদদলিত হয়ে কেউ মারা গেছেন—এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত তিনি পাননি। তবে এ ধরনের কোনো প্রমাণ পাওয়া গেলে তা যাচাই করে দেখা হবে।
অগ্নিকাণ্ডের বেশ কিছু সময় পর বিভিন্ন সংবাদমাধ্যম ও টেলিভিশনে ছয়জনের মৃত্যুর তথ্য প্রচার করা হয়। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, ‘কোনো তথ্য নিশ্চিত না হয়ে বলা উচিত নয়। প্রকাশ করলে তাতে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে।’
তিনি বলেন, হাসপাতালের জরুরি বিভাগ ও মর্গের তথ্যের পাশাপাশি তার কাছে আরও একটি তালিকা রয়েছে। সব তথ্য যাচাই-বাছাই শেষে প্রকৃত পরিস্থিতি জানা যাবে।
বিভাগীয় কমিশনার আরও বলেন, বিষয়টি তদন্তে মঙ্গলবার একটি কমিটি গঠন করা হবে। কমিটি অগ্নিকাণ্ড ও মৃত্যুর তথ্যসহ সার্বিক বিষয় খতিয়ে দেখবে।
এর আগে সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান সাংবাদিকদের বলেন, তিনি ছয়জনের মৃত্যুর কথা শুনেছেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় লিফটের নিয়ন্ত্রণকক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে।
প্রতিনিধি/এসএস




