মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সাতক্ষীরা থানার দেয়ালঘেঁষে অবৈধ স্থাপনা, সরু সড়কে দুর্ভোগ

গাজী ফারহাদ, সাতক্ষীরা
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ এএম

শেয়ার করুন:

সাতক্ষীরা থানার দেয়ালঘেঁষে অবৈধ স্থাপনা, সরু সড়কে দুর্ভোগ
সাতক্ষীরা সদর থানার দেয়ালঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে সড়কটি আরও সরু হয়ে পড়েছে।

সাতক্ষীরা সদর থানার দেয়ালঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে সড়কটি আরও সরু হয়ে পড়েছে। ফুটপাত ও সড়কের একটি অংশ দখল করে এসব স্থাপনা গড়ে ওঠায় যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়িত হয়নি।

সাতক্ষীরা শহরের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র সুলতানপুর বড় বাজারে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। পাকাপুল হয়ে বড় বাজারে যাওয়ার সড়কটি এমনিতেই সরু। এর মধ্যে থানার দেয়ালঘেঁষে স্থাপনা গড়ে ওঠায় একটি ভ্যান বা ইজিবাইকও অনেক সময় নির্বিঘ্নে একে অপরকে পাশ কাটাতে পারে না। ফলে পথচারীদেরও ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।

সদর থানার দক্ষিণ পাশে বসবাসকারী চিকিৎসক মিনহাজ আহমেদ বলেন, থানার দেয়ালঘেঁষে সড়কের ওপর এমনভাবে স্থাপনা বসানো হয়েছে যে বাসা থেকে তার ব্যক্তিগত গাড়ি বের করতেও সমস্যা হয়। একটি গাড়ি চলাচলের জন্য যতটুকু জায়গা প্রয়োজন, তার প্রায় অর্ধেক এসব স্থাপনা দখল করে রেখেছে।

মিনহাজ আহমেদ বলেন, এর আগে একাধিকবার এসব স্থাপনা অপসারণের উদ্যোগ নেওয়া হলেও অজ্ঞাত কারণে শেষ পর্যন্ত উচ্ছেদ করা হয়নি। দ্রুত এসব স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করা প্রয়োজন।

Suffer

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম সচিব আলীনুর খান বাবুল বলেন, দীর্ঘদিন ধরে সদর থানার দেয়ালঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনা শহরবাসীর দুর্ভোগের অন্যতম কারণ। ফুটপাত না থাকলেও রাস্তার একটি অংশ দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এত দিন ধরে এসব স্থাপনা কীভাবে টিকে আছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

আলীনুর খান বাবুল বলেন, প্রতিদিন হাজারো ক্রেতা ও স্থানীয় মানুষ পাকাপুল হয়ে সুলতানপুর বড় বাজার সড়ক দিয়ে চলাচল করেন। অবৈধ স্থাপনার কারণে ছোট যানবাহন ও সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে। দ্রুত উচ্ছেদের পাশাপাশি ব্যবসায়ীদের অন্যত্র পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করা উচিত।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল বলেন, গত ২৫ থেকে ৩০ বছরে সাতক্ষীরা শহরের জনসংখ্যা বাড়লেও সেই অনুপাতে সড়ক প্রশস্ত হয়নি। পাকাপুল থেকে বড় বাজার সড়কটি এমনিতেই সরু। ফুটপাতসহ সড়কটির প্রস্থ ১৬ থেকে ১৮ ফুট। এর একটি অংশ থানার দেয়ালঘেঁষে অবৈধভাবে দখল করে রাখায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন

কালিগঙ্গা নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় বাধা, সংঘর্ষে আহত ৭

তিনি বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত করতে হবে। পাশাপাশি শহরের সড়কগুলো প্রশস্ত করতে একটি মাস্টারপ্ল্যান নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত হোসেন বলেন, সদর থানার দেয়ালঘেঁষে পৌরসভার সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে আলোচনা চলছে। সরেজমিনে গিয়ে ব্যবসায়ীদের নিজ নিজ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পৌরসভার পক্ষ থেকে মাইকিংও করা হয়েছে। দ্রুত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর