শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কানারবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- সদর উপজেলার দক্ষিণ আটং এলাকার রুহুল আমিন বেপারীর ছেলে সিয়াম হোসেন বেপারী (২০), একই এলাকার আমির হোসেন সরদারের ছেলে অন্তর সরদার (২১) এবং ডামুড্যা উপজেলার কুতুবপুর এলাকার নাসির বেপারীর ছেলে সিয়াম বেপারী (১৯)। পুলিশ বলছে, তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে সদর উপজেলার আটং এলাকার কানারবাজার-বুড়িরহাট সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। মিছিলের কিছুক্ষণ পর এর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি পুলিশের নজরে আসার পর পালং মডেল থানার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সন্ধ্যায় কানারবাজার এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের মোবাইল ফোন যাচাই করে মিছিলে অংশগ্রহণের ভিডিও পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
পরে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। এরপর তাদের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পালং মডেল থানার ওসি মো. শাহ আলম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল শেষে ফেরার পথে রোববার সন্ধ্যায় কানারবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের মোবাইল ফোন যাচাই করে ছাত্রলীগের মিছিলের ভিডিও পাওয়া যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এমআর




