কুমিল্লার মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দড়ানীপাড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মনজুরুল আলম টিটু (৩৫) এবং একই গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী খালেদা আক্তার (৭০)। সম্পর্কে তারা ফুফু ও ভাতিজা।
নিহতের স্বজনদের ভাষ্য, দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সন্ধ্যায় খালেদা আক্তারের ভাই মোস্তাক আহমেদ আবু মিয়া তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে তাদের গুরুতর আহত করা হয়।
পরে তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত টিটুর শাশুড়ি জোসনা বেগম, নিহতের আরেক স্বজন মো. শফিকুল ইসলাম জানান, জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরেই এ ঘটনা ঘটেছে।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানে দুটি মরদেহ পাওয়া যায়।
প্রতিনিধি/এলএ




