রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আরেকজন রোগীর মৃত্যু হয়েছে। এ সময়ে ভর্তি হয়েছেন আরও ২১ জন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ মো. শামীম বিষয়টি জানিয়েছেন।
নিহতের নাম হৃদয় (২৪)। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে তার বাসা। পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন।
রামেক হাসপাতাল থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২১ জন ভর্তি হয়েছেন। এ সময়ে ছুটি হয়েছে ১৮ জনের। বর্তমানে মোট ৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ মো. শামীম জানান, ডেঙ্গু রোগী হৃদয়ের মৃত্যুর কারণ ডেঙ্গু শক সিন্ড্রোম। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এলএ




