সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হবিগঞ্জে জমির আগাছা পরিষ্কার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল কৃষকের

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জে জমির আগাছা পরিষ্কার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল কৃষকের
বানিয়াচং থানা। ছবি: ঢাকা মেইল

হবিগঞ্জের বানিয়াচংয়ে জমির আগাছা পরিষ্কারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে তাহির মিয়া (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাইসহ আরও তিনজন আহত হন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার চালবন হাওড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত তাহির মিয়া উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামের মৃত তাজিম উল্লাহর ছেলে। আহতদের মধ্যে রয়েছেন নিহতের ভাই শহীদ মিয়া, আনু মিয়া ও স্বপ্না বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তাহির মিয়া তার ভাই শহীদ মিয়া ও আনু মিয়াকে সঙ্গে নিয়ে চালবন হাওড়ে নিজেদের জমির আগাছা পরিষ্কার করতে যান। এ সময় প্রতিবেশী জাহির উল্লাহ, শরীফ, বক্করসহ কয়েকজন তাদের কাজে বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তাহির মিয়া, তার ভাই শহীদ মিয়া, আনু মিয়া ও স্বপ্না বেগম আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাহির মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, জায়গা-জমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর