গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশনের দায়ে দুটি হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ডসংলগ্ন হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলম।
অভিযানকালে ‘মায়ের দোয়া বিরিয়ানি হাউজ রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস’ এবং ‘হাচিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ খাবার তৈরির স্থান, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার প্রতিষ্ঠান দুটিকে ৭ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করে।
জরিমানার অর্থ পরিশোধ করেন প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালক মো. তুহিন বিশ্বাস ও মো. হাচিব বিশ্বাস। এ সময় তারা নিজেদের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।
অভিযানকালে খাবার তৈরির স্থান ও খাদ্য সংরক্ষণে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে হোটেল মালিক ও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এলএ




