সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘ফ্যাসিবাদকে মাথা তুলে আর দাঁড়াতে দেওয়া হবে না। তারা আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছে। ১৭ বছর ধরে জেল-জুলুম চালিয়েছে।’
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নাটোরের লালপুর উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। কোনো ধরনের দমন-পীড়ন বা সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও সক্রিয় ও জনবান্ধব ভূমিকা পালন করতে হবে।
জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন।
এর আগে প্রতিমন্ত্রী জেলা যুব কমপ্লেক্স পরিদর্শন করে সেখানে চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি উপজেলার একটি পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি মৎস্যসম্পদ বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
আইনশৃঙ্খলা–বিষয়ক সভায় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা যুব কমপ্লেক্সের ডিপিসি ইকবাল হোসেন চপলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
প্রতিনিধি/এআর




