সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পরকীয়ার অপবাদে অপমান, রাঙ্গুনিয়ায় গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

শেয়ার করুন:

পরকীয়ার অপবাদে অপমান, রাঙ্গুনিয়ায় গৃহবধূর মৃত্যু

পরকীয়ার অপবাদে সালিশি বৈঠকে অপমানের শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করা গৃহবধূ অঞ্জনা দাসের (৪৫) মৃত্যু হয়েছে। দীর্ঘ ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক নাজমুস সালেহীন। তিনি জানান, গত ৪ সেপ্টেম্বর অঞ্জনা দাসকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৯ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। অঞ্জনা দাস রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব চন্দ্রঘোনা হিন্দুপাড়ার কাঞ্চন দাস ওরফে লাল সাধুর স্ত্রী।

ঘটনা নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিনও। তিনি বলেন, এ ঘটনায় মৃত্যুর প্ররোচনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কিছুদিন আগে অঞ্জনা দাসের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন তার স্বামী কাঞ্চন দাস। অভিযোগের ভিত্তিতে এলাকায় একটি সালিশি বৈঠক বসে। বৈঠকে স্থানীয় সালিশকারীদের সামনে এক যুবকের সঙ্গে অঞ্জনার কিছু ছবি ও ভিডিও ফুটেজ জনসমক্ষে উপস্থাপন করা হয়। এতে তিনি চরম সামাজিক ও মানসিক অপমানের মুখে পড়েন।

জনসমক্ষে এই অপমান সহ্য করতে না পেরে গত ৪ সেপ্টেম্বর নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অঞ্জনা। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রামের সেন্ট্রাল হাসপাতালে এবং পরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ সেপ্টেম্বর বিকেলে তিনি মারা যান।

এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

প্রতিনিধি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর