সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ছবি: ঢাকা মেইল

পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইলে টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখার কথা জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ডিজিএম মো. শফিকুল হক জানান, বিশ্বরোড এলাকায় থাকা পাঁচটি সিএনজি পাম্প এবং বিসিক এলাকার জন্য পৃথক গ্যাসলাইন স্থাপনের কাজ চলছে। পৃথক লাইন স্থাপন করা হলে শিল্পকারখানা ও সিএনজি পাম্পগুলোতে গ্যাসের চাপ বাড়বে। পাশাপাশি আবাসিক গ্রাহকদের গ্যাস-সংকটও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক করে দেওয়া হতে পারে।

এদিকে, দীর্ঘদিনের গ্যাস-সংকটের মধ্যে নতুন করে ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণায় ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েক মাস ধরে পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে গ্যাসের চাপ কম থাকা ও অনিয়মিত সরবরাহের কারণে তারা দুর্ভোগ পোহাচ্ছেন। এর মধ্যে আবার একটানা ১৪ ঘণ্টা গ্যাস বন্ধ রাখার খবরে ক্ষোভ তৈরি হয়েছে।

অনেক গ্রাহক বলেন, গ্যাসের চাপ কম থাকায় নিয়মিত রান্নাবান্নায় সমস্যায় পড়তে হচ্ছে। দিনের বিভিন্ন সময়ে গ্যাস না থাকায় বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে তাদের। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের দাবি জানিয়ে এর আগেও বিভিন্ন সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলন, মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

স্থানীয়দের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, যে জেলায় গ্যাসের উৎপাদন ও গ্যাসসম্পদ রয়েছে- সেই জেলার মানুষই কেন দীর্ঘদিন গ্যাস-সংকটে ভুগবেন? তাদের দাবি, সাময়িক মেরামতের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস-সংকটের স্থায়ী সমাধান করা হোক।

তাদের প্রত্যাশা, মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি আবাসিক গ্রাহকদের দীর্ঘদিনের নিম্নচাপ ও অনিয়মিত সরবরাহের সমস্যারও কার্যকর সমাধান করবে কর্তৃপক্ষ।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর