সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রাষ্ট্রপতি যাচ্ছেন মঙ্গলবার, নতুন সাজে সিলেট

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

শেয়ার করুন:

রাষ্ট্রপতি যাচ্ছেন মঙ্গলবার, নতুন সাজে সিলেট
রঙ-তুলির আঁচড়ে সাজানো হচ্ছে সিলেট সার্কিট হাউস। ছবি: ঢাকা মেইল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রথমবারের মতো সিলেট সফর করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই সফরকে কেন্দ্র করে সিলেট নগরীতে চলছে ব্যাপক প্রস্তুতি। নগরীকে ঢেকে ফেলা হচ্ছে নিরাপত্তার চাদরে।

সফরসূচি অনুযায়ী, বেলা ১১টার দিকে সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে দুপুরে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম গ্রহণ শেষে বিকেলে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সন্ধ্যায় আকাশপথে তিনি ঢাকায় ফিরবেন।

রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষে নগরীতে চলছে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর ডিভাইডার, ঐতিহাসিক কিন ব্রিজ, সার্কিট হাউজসহ বিভিন্ন এলাকায় নতুন রঙ করা হচ্ছে। এছাড়া সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গন এবং হজরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারেও পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

রাষ্ট্রপতির মাজার জিয়ারত উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে হজরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের সৌন্দর্যবর্ধনের কাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাষ্ট্রপতি ১৫ সেপ্টেম্বর সিলেট সফর করবেন। সিলেট একটি পর্যটননগরী। রাষ্ট্রপতি যাতে সিলেটের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং তার সফরকে কেন্দ্র করে প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনা প্রসঙ্গে সিসিক প্রশাসক বলেন, রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তার সফরকে কেন্দ্র করে নগরবাসীর মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানে তার প্রতিফলন ঘটবে।

01
নিরাপত্তার চাদরে ঢাকা সিলেট। ছবি: ঢাকা মেইল

 

এদিকে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তার সফরকালে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) প্রায় ১ হাজার ২০০ সদস্য দায়িত্ব পালন করবেন। সাদা পোশাকের পুলিশ সদস্যসহ বিভিন্ন ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে।

এসএমপির সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে এসএমপির বিশেষায়িত চারটি টিম কাজ করবে। এর মধ্যে রয়েছে সিআরটি, বোমা ডিসপোজাল, ড্রোন ও স্ট্রাইকিং টিম। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও রাষ্ট্রপতির চলাচলের রুটে বিশেষ নজরদারি রাখা হয়েছে। বিশেষ নিরাপত্তার আওতায় রাখা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের সংবর্ধনাস্থল, বিমানবন্দর সড়ক, হজরত শাহজালাল (রহ.) মাজার এলাকা, শাহপরাণ (রহ.) মাজার এলাকা ও সার্কিট হাউসসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও বিশেষ চিকিৎসা ও জরুরি ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন ইউনিটের সমন্বয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হবে। সিলেট মহানগরী ওই দিন নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে থাকবে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা।

মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. সারোয়ার মুর্শেদ শামীম বলেন, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট নগরীতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তার প্রতিটি কর্মসূচি, যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ স্থান নিরাপত্তার আওতায় আনা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর