শরীয়তপুরের ভেদরগঞ্জে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে ভয়ভীতি দেখিয়ে বলাৎকারের অভিযোগে মো. বোরহান উদ্দিন (৩১) নামে এক মাদরাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার। এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
গ্রেফতার বোরহান উদ্দিন গোপালগঞ্জের কোটালীপাড়া থানার বাসিন্দা। তিনি ভেদরগঞ্জ উপজেলার কাইচকুড়ি এলাকার একটি নূরানী হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক ছিলেন।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, শিশুটি ওই মাদরাসায় পড়াশোনা করত। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, প্রধান শিক্ষক বোরহান উদ্দিন বিভিন্ন সময় শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে যৌন নিপীড়ন ও বলাৎকার করেন।
আরও পড়ুন
হবিগঞ্জে ধর্ষণের পর তরুণীকে হত্যা, দুজনের ফাঁসির আদেশ
বিষয়টি পরিবারের সদস্যদের কাছে জানাজানি হলে শিশুটির বাবা থানায় মামলা করেন। এরপর অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাসার বলেন, মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন।
প্রতিনিধি/এসএস




