গোপালগঞ্জের মুকসুদপুরে মিম আক্তার (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তার স্বামী তরিক সিকদার পলাতক রয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাবড়াশুর গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে পুলিশ ওই বাড়ি থেকে মিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শাকপাইলদিয়া গ্রামের সিদাম মাঝির মেয়ে মিমের সঙ্গে তরিক সিকদারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সময় তরিকের প্রথম স্ত্রী ছিলেন। পরে মিম ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তরিককে বিয়ে করেন।
বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল বলে স্থানীয়রা জানান।
রোববার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মিমকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পরে ঘরের ভেতর তার মরদেহ পাওয়া যায়। এ সময় তরিক সিকদার বাড়ি থেকে পালিয়ে যান বলে স্থানীয়দের দাবি।
মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিজুর ইসলাম বলেন, মিম আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃতের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে নিহতের স্বামী তরিক সিকদারকে আটকের চেষ্টা করা হচ্ছে।
প্রতিনিধি/ এজে




