বান্দরবানের রুমায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রুমা উপজেলা মাঠকর্মী মৃত্যুঞ্জয় কুমার মন্ডল নিখোঁজ হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকালে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।
নিখোঁজ মৃত্যুঞ্জয় কুমার মন্ডল (৩৭), খুলনা কয়রা এলাকার বিপন্ন মণ্ডলের ছেলে এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে রুমা উপজেলার মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও বিআরডিবি অফিস সূত্রে জানা যায়, মৃত্যুঞ্জয় কুমার মন্ডল গতকাল শনিবার সকালে রুমা সদরের অফিস থেকে পাইন্দু আলেচু পাড়ায় কিস্তির টাকা আদায়ের উদ্দেশ্যে যায়। এর পর তিনি আর অফিসে ফেরেননি এবং তার বাড়িতেও যোগাযোগ করেননি। মোবাইল ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগও করা যাচ্ছে না।
প্রতিষ্ঠানটির উপজেলা অফিসার পলাশ চাকমা জানান, আলেচু পাড়ায় যাওয়ার কথা বলে তিনি গতকাল অফিস থেকে গেলেও ওই পাড়ায় তিনি যাননি। সে থেকে তার সাথে যোগাযোগও করা যাচ্ছে না। এমনকি পরিবারের সাথেও নাকি অদ্যাবধি যোগাযোগ করেননি তিনি। এনিয়ে থানায় একটি নিখোঁজ ডায়রি করেছে। এছাড়া এখনো পর্যন্ত কেউ মুক্তি পনেরো জন্য টাকাও দাবি করেনি।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, নিখোঁজ ব্যক্তির মোবাইল গতকাল দুপুর ২টা পর্যন্ত রুমায় অবস্থান করেছিল। এর পর থেকে মোবাইলটি বন্ধ রয়েছে। এবিষয়ে নিখোঁজ ডায়েরি করার প্রেক্ষিতে তাকে খোঁজার সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/ এজে




