বাংলাদেশ ভারতের সীমান্তে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও ভারতের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে আসাদুজ্জামান (৩৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় মোস্তাকিম (৩২) ও শ্রী উষা নামে আরও দুই বাংলাদেশি আহত হন। আহত দুজনকে আটক করে নিয়ে গেছে বিএসএফ।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের ভবানীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে। আহত মোস্তাকিম একই উপজেলার উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে ও শ্রী উদা একই এলাকার মুনষা নারায়ণের ছেলে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোরে কয়েকজন বাংলাদেশি ভবানীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সীমান্ত পিলার ৩৩৩ এমপির কাছাকাছি এলাকায় ভারতের উত্তর দিনাজপুরের ৬৩ চক শিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের আসাদুজ্জামান, উত্তর ইন্দ্রইল গ্রামের মোস্তাকিম ও শ্রী উষা গুলিবিদ্ধ হন।
পরে বিএসএফ আহতদের উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আসাদুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত মোস্তাকিম ও শ্রী উষাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
শনিবার দুপুরে ভারতের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসাদুজ্জামানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
এদিকে, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আহত দুই বাংলাদেশিকে আটক করে বিএসএফ। পরে তাদের রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট আইনে অনুপ্রবেশ সংক্রান্ত ধারায় মামলা করা হয়েছে।
সীমান্তে এ ঘটনার পর রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের ভবানীপুর সীমান্ত এলাকায় বিজিবির ৪২ ব্যাটালিয়ন ও বিএসএফের মধ্যে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো চূড়ান্ত সমাধান হয়নি বলে জানা গেছে।
৪২ বিজিবির সিইও আবদুল্লাহ আল মঈন বলেন, বিভিন্ন সূত্রে বিষয়টি জানার পর বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়। এর পরিপ্রেক্ষিতে রোববার সকালে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রতিনিধি/এলএ




