রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কারিগরি ত্রুটিতে বন্ধ রামপালের এক ইউনিট, উৎপাদন নেমেছে অর্ধেকে

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

শেয়ার করুন:

কারিগরি ত্রুটিতে বন্ধ রামপালের এক ইউনিট, উৎপাদন নেমেছে অর্ধেকে


কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রটির উৎপাদন অর্ধেকে নেমে এসেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি এর আগে কয়লা স্বল্পতার কারণে কেন্দ্রটির উৎপাদন কমে গিয়েছিল। বর্তমানে কেন্দ্রটিতে পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে। ফলে সম্প্রতি সেখানে ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন এখন ৬০০ মেগাওয়াটের নিচে নেমে গেছে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, কী কারণে ইউনিটটি বন্ধ হয়েছে, তা খুঁজে বের করতে কাজ চলছে। দ্রুত উৎপাদনে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। তবে চারদিন সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন।কেন্দ্রে কয়লার পর্যাপ্ত মজুত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১০ সালে ভারত ও বাংলাদেশ যৌথ উদ্যোগে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের এনটিপিসির মধ্যে একটি চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) নামে কোম্পানি গঠিত হয়।

এই কোম্পানির অধীনে ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (রামপাল) নামে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয়। রামপাল উপজেলার রাজনগর ও গৌরম্ভা ইউনিয়নের এক হাজার ৩৪ একর জমি অধিগ্রহণ শেষে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয়।

দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২২ সালের ২৩ ডিসেম্বর এই কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে যায়। আর এরও এক বছর পরে ২০২৩ সালের ২৪ অক্টোবর পরীক্ষামূলকভাবে উৎপাদনে যায় ২য় ইউনিট। আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদন শুরু করে ২০২৪ সালের ১২ মার্চ। বাণিজ্যিকভাবে উৎপাদনে যাওয়ার পরে কারিগরি ত্রুটি ও বিভিন্ন কারণে একাধিকবার উৎপাদন বন্ধ হওয়ার খবর রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর