‘ঘুপচি রাজনীতি নয়, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি’—এমন মন্তব্য করে আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে কঠোর বার্তা দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেছেন, অতীতে যারা মানুষ হত্যা, দেশের সম্পদ লুটপাট এবং মেগা প্রকল্পের নামে দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, তাদের প্রতিটি কর্মকাণ্ডের হিসাব বাংলাদেশের মাটিতেই দিতে হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘আমরা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আপনাদের যদি সৎ সাহস থাকে, তাহলে পালিয়ে না থেকে দেশের আইন-আদালতের মুখোমুখি হন।’
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে—প্রতিটি হিসাব বাংলাদেশের মাটিতেই হবে।’
মন্ত্রী আরও বলেন, কেউ নিজেকে নির্দোষ মনে করলে দেশের আইন ও আদালতের মুখোমুখি হয়ে তা প্রমাণ করা উচিত। পালিয়ে থেকে কিংবা আড়াল থেকে রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ নেই।
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন বলেন, সাধারণ মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি সচেতন। প্রযুক্তির অপব্যবহার করে মানুষের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা ছড়ানোর বিষয়টিও তারা বুঝতে পারছে।
তিনি অভিযোগ করেন, স্বৈরাচারের দোসররা বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ‘মব কালচার’ সৃষ্টি করছে। নানা ধরনের উসকানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে।
প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহারের পরিবর্তে কেউ যদি তা ব্যবহার করে অস্থিরতা সৃষ্টি করতে চায়, তাহলে এ বিষয়ে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, জেলা বিএনপির সদস্য ইউনুস শেখ, যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিকসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এআর




