রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ব্যাংক বুথে লুটের ছক, ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

ব্যাংক বুথে লুটের ছক, ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার
আটক ডাকাত দলের দুই সদস্য। ছবি: ঢাকা মেইল

নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যাংকের বুথে ঢুকে টাকা লুটের পরিকল্পনার অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে ফতুল্লার পঞ্চবটী মোড়ের গফুর সুপার মার্কেটের নিচতলায় ইসলামী ব্যাংকের বুথের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ফতুল্লা মডেল থানার পঞ্চবটী গুলশান রোড এলাকার মজিদ মাতবরের ছেলে কামাল মাতবর (৪২) এবং রূপসী হাউজিং এলাকার সাত্তার প্যাদার ছেলে কামাল প্যাদা (৪২)। তাঁদের দুজনেরই গ্রামের বাড়ি বরিশালের আমতলী থানা এলাকায়।

পুলিশের দাবি, গ্রেফতার দুজন দীর্ঘদিন ধরে ঢাকা-নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যাংকের বুথে ডাকাতির সঙ্গে জড়িত। কামাল প্যাদার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আটটির বেশি ডাকাতি ও লুটের মামলা রয়েছে। আর কামাল মাতবরের বিরুদ্ধে ২৬টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নন্দন সরকার জানান, শনিবার রাতে ব্যাংকের বুথ থেকে টাকা লুটের উদ্দেশ্যে ওই দুই ব্যক্তি পঞ্চবটী গফুর সুপার মার্কেটের নিচতলায় অবস্থান নেন। পরিকল্পনার অংশ হিসেবে তাঁরা প্রথমে বুথের নিরাপত্তারক্ষীর সঙ্গে সখ্য গড়ে তোলেন। পরে সুযোগ বুঝে বুথের টাকা লুট করে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে কামাল মাতবরকে আটক করে। পরে ব্যাংকের বুথের সামনে নিরাপত্তারক্ষীর সঙ্গে আলাপরত অবস্থায় কামাল প্যাদাকেও আটক করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা ব্যাংকের বুথ লুটের পরিকল্পনাসহ বিভিন্ন ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ আরও জানায়, সর্বশেষ ফতুল্লার পাগলা দেলপাড়া ক্যানেলপাড় এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায়ও তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ওই ঘটনায় নগদ টাকা ও কয়েক লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করা হয় বলে অভিযোগ রয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, গ্রেফতার দুজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পাগলা ক্যানেলপাড় এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনার সঙ্গেও তাদের যোগসূত্র থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

ওসি আরও বলেন, লুট হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর