রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বগুড়ায় জুলাই যোদ্ধাদের সমাবেশের আগে বিকট শব্দে আতঙ্ক

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় জুলাই যোদ্ধাদের সমাবেশের আগে বিকট শব্দে আতঙ্ক
পরপর দুটি বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছবি: ঢাকা মেইল

বগুড়া শহরের সাতমাথায় ‘আমরা জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার’-এর বিক্ষোভ কর্মসূচি শুরুর ঠিক আগমুহূর্তে পরপর দুটি বিকট শব্দ ও ধোঁয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সাতমাথা গোলচত্বরের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

এ সময় কর্মসূচিতে অংশ নিতে আসা জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে বগুড়া সদর থানা-পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

জানা গেছে, তিন দিন আগে রাজধানীর গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে সারা দেশের মতো বগুড়াতেও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টার পর থেকে ‘আমরা জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার’-এর সদস্যরা সাতমাথার জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জড়ো হতে থাকেন।

কর্মসূচি শুরুর ঠিক আগে সাতমাথা গোলচত্বরের দক্ষিণ পাশ থেকে পরপর দুটি বিকট শব্দ শোনা যায়। একই সঙ্গে সেখানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। হঠাৎ এমন ঘটনায় কর্মসূচিতে অংশ নেওয়া লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

ঘটনাস্থলে উপস্থিত জুলাই শহীদ আব্দুল আহাদ সৈকতের বাবা নজরুল ইসলাম বলেন, ‘আমরা ৪০ থেকে ৫০ জন মানুষ স্মৃতিস্তম্ভের সামনে একত্রিত হয়েছিলাম। কর্মসূচি শুরুর আগেই গোলচত্বরের দিকে বিকট শব্দ হয় এবং ধোঁয়া দেখতে পাই। ঢাকার ঘটনার পর আমাদের কর্মসূচিকে লক্ষ্য করে কোনো দুষ্কৃতকারী এটি করেছে কি না, তা নিয়ে প্রথমে আতঙ্কে ছিলাম। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে বিষয়টি দেখছে।’

‘আমরা জুলাই যোদ্ধা’ বগুড়া জেলার আহ্বায়ক জুলফিকার আলম বলেন, সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তির ঝটিকা মিছিলের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা সাতমাথায় অবস্থান নিয়েছিলেন। হঠাৎ গোলচত্বরের দিক থেকে বিকট শব্দ ও ধোঁয়া দেখা যায়। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত শুরু করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি পটকা জাতীয় কোনো কিছুর বিস্ফোরণ বলে মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে এর কিছু আলামতও পাওয়া গেছে।

তিনি বলেন, ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী ও সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শব্দের পরপরই এক তরুণ ও এক তরুণীকে সেখান থেকে দৌড়ে যেতে দেখা গেছে। তারা কীভাবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরও বলেন, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিশুদের দিয়ে এ কাজ করিয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। ওই তরুণ-তরুণীকে শনাক্তের পাশাপাশি ঘটনার পেছনে কারও মদদ বা সম্পৃক্ততা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর সাতমাথা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর