মসজিদে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মো. ফারুক সরদার (৫৫) নামের এক মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় রুস্তম আলী মীর (৬৫) নামের আরও এক মুসল্লি গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ফারুক সরদার দক্ষিণ বিজয়পুর গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে।
স্বজনেরা জানান, দক্ষিণ বিজয়পুর এলাকার একটি মসজিদে ফজরের নামাজ শেষে ফারুক সরদার ও রুস্তম আলী মীর মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি অজ্ঞাত ইজিবাইক তাদের ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফারুক সরদারকে মৃত ঘোষণা করেন। রুস্তম আলী মীর চিকিৎসাধীন রয়েছেন।
গৌরনদী হাইওয়ে থানার এসআই শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ইজিবাইকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসএস




