বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার দারিয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো—দারিয়াতলা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে জান্নাতি (১১) ও মোস্তাক শেখের মেয়ে লামিয়া (৮)।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, সকালে বাড়ির পাশের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায় জান্নাতি ও লামিয়া। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে ঘেরে মাছের খাবার দিতে গিয়ে স্থানীয় লোকজন তাদের পানিতে দেখতে পান। দ্রুত উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মৃত্যুর ঘটনায় দারিয়াতলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিনিধি/এসএস




