চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় মা-বাবার সঙ্গে ভেসে ভারতীয় অংশে চলে যাওয়া ২০ দিনের শিশু তানিশাসহ ১০ জনকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবি ও বিএসএফের সমন্বয়ে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহুরপুর গ্রামের মো. সোহেল ও তানিয়া খাতুন দম্পতি তাদের ২০ দিনের শিশু তানিশাকে কোলে নিয়ে বাখেরআলী থেকে জোহুরপুর-টেকের উদ্দেশে একটি নৌকায় রওনা হন। মাঝপদ্মায় পৌঁছালে আকস্মিক দমকা হাওয়ায় নদী উত্তাল হয়ে ওঠে। একপর্যায়ে প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় ১২ জন যাত্রী নিয়ে নৌকাটি উল্টে যায়।
নৌকাডুবির পর মা তানিয়া খাতুন ও বাবা সোহেলের সঙ্গে তীব্র স্রোতে ভেসে যান শিশু তানিশাও। ভাসতে ভাসতে তারা নদীর সীমানা পেরিয়ে ভারতীয় অংশে চলে যান।

পদ্মায় ভেসে যাওয়া লোকজনের বিষয়টি বিএসএফ সদস্যদের নজরে এলে তারা স্পিডবোট নিয়ে উদ্ধার অভিযানে নামেন। একে একে তানিশাসহ ১০ জনকে নদী থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন তারা।
মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার তারানগরের বাসিন্দা শ্যামলাল মণ্ডল বলেন, ‘বিএসএফ জওয়ানরা যখন শিশুটিকে তীরে তোলে, তখন সে প্রায় নিস্তেজ ও সংজ্ঞাহীন হয়ে পড়েছিল। জওয়ানরা দেরি না করে শিশুটিকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকদের চেষ্টায় তানিশা বিপদমুক্ত ও সুস্থ হয়।’

শনিবার রাতেই বিজিবি ও বিএসএফের সমন্বয়ে উদ্ধার হওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হয়।
বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে বাকি নয়জন যাত্রীর সঙ্গে শিশু তানিশাকেও সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।
প্রতিনিধি/এসএস




