ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবারকে ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ঘর উপহার দিচ্ছে ‘আমরা বিএনপি পরিবার’।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেবেন।
ফেনী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া জানান, ২০১৩ সালের ৪ ডিসেম্বর বিএনপির ডাকা হরতালের সমর্থনে ফেনীতে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে হারুন নিহত হন। তার মৃত্যুর পর পরিবারটি আর্থিক সংকটে পড়ে। বিষয়টি ‘আমরা বিএনপি পরিবার’-এর নজরে এলে পরিবারটিকে ঘর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি ঘরটির নির্মাণকাজ শেষ হয়েছে।
ফেনী সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির বলেন, হারুনের পরিবারের জন্য নির্মিত ঘরটি আজ হস্তান্তর করা হবে। এ সময় রুহুল কবির রিজভী উপস্থিত থেকে ঘরের চাবি তুলে দেবেন।
অনুষ্ঠানে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলালসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রতিনিধি/এসএস




