রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘ঘুষ.সাইটে’ অভিযোগের পর ময়মনসিংহে শিক্ষা কর্মকর্তার বদলি

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ এএম

শেয়ার করুন:

‘ঘুষ.সাইটে’ অভিযোগের পর ময়মনসিংহে শিক্ষা কর্মকর্তার বদলি
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন।

মৃত মায়ের সরকারি পাওনার ১০ লাখ টাকা পেতে এক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগের পর ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দুই কর্মচারীকে শোকজ করা হয়। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তিন দিনের মাথায় বদলি করা হয়েছে সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীনকে।

গত ৬ সেপ্টেম্বর দুই কর্মচারীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা পড়ে। এর তিন দিন পর, ৯ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদফতরের অফিস আদেশে মনিকা পারভীনকে ময়মনসিংহ সদর থেকে বদলি করে নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। আদেশে বদলির কারণ হিসেবে ‘জনস্বার্থে’ উল্লেখ করা হয়েছে।

১৭ বছর বয়সী শাহেদ শরীফ আহমেদের অভিযোগ, তার মা আমিনা খাতুন চাকরিরত অবস্থায় মারা যান। তার পরিবার কল্যাণ তহবিল ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মোট ১০ লাখ টাকা পাওয়ার কথা। ওই টাকা পেতে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা এক লাখ টাকা ঘুষ দাবি করেন। ‘ঘুষ না দিলে ফাইল এগোবে না’ বলেও জানানো হয় বলে তার অভিযোগ। পরে তিনি অনলাইন প্ল্যাটফর্ম ‘ঘুষ.সাইটে’ অভিযোগ করেন।

অভিযোগের পর গত ৩১ আগস্ট হিসাব সহকারী এ এইচ এম নাদিরুল হাসান সবুজ ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুহাম্মদ মজিবুর রহমানকে শোকজ করা হয়। বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন সিকদার জানান, ৬ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

বদলির বিষয়ে মনিকা পারভীন বলেন, আদেশে ‘জনস্বার্থে’ বদলির কথা বলা হয়েছে। এর নির্দিষ্ট কারণ তার জানা নেই।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, সরকারি আদেশে যেকোনো কর্মকর্তা বদলি হতে পারেন। তবে ঘুষের অভিযোগ ও শোকজের সঙ্গে বদলির কোনো সম্পর্ক আছে কি না, তা তার জানা নেই।

এদিকে ‘ঘুষ.সাইট’ চালুর পর থেকে মোবাইল ফোনে হুমকি পাওয়ার অভিযোগ করেছেন শাহেদ। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি।

গত ২১ আগস্ট শাহেদ শরীফ আহমেদ ও সাইফ কবির ‘ঘুষ.সাইট’ চালু করেন। উদ্যোক্তাদের দাবি, সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ দাবি বা দেওয়ার অভিযোগ জানানোর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর