জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেছেন, বিচারব্যবস্থার স্বাভাবিকতা বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এটি বাস্তবায়নে গড়িমসি করা হলে যেকোনো আন্দোলন পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বরগুনা টাউন হল অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিসের বরগুনা জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন হুঁশিয়ারি দেন। জেলা সভাপতি মুফতি খাইরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মামুনুল হক বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকার মাত্র ছয় মাসের মাথায় জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে এবং জুলাই সনদ নিয়ে চরম ধূম্রজাল তৈরি করেছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, বিচারব্যবস্থার স্বাভাবিকতা বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই। এটি বাস্তবায়ন না হলে যেকোনো আন্দোলন পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে।
আগামী পাঁচ বছরের মধ্যে তারেক রহমান ‘আরেকটি শেখ হাসিনায়’ পরিণত হতে পারেন বলেও মন্তব্য করেন মামুনুল হক। সংবিধান সংশোধন না করলে বিএনপি ও তারেক রহমান ইতিহাসে ‘গাদ্দার’ হিসেবে চিহ্নিত হবেন বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় পুলিশের রাজনৈতিক রূপ জনগণ আর দেখতে চায় না উল্লেখ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার দাবি জানান বাংলাদেশ খেলাফত মজলিসের এই নেতা।
প্রতিনিধি/এসএস




