রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, আহত ১

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ এএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, আহত ১
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আসাদুজ্জামান (৩৩) ও মোস্তাকিম (৩২) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শ্রী উদা নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩-এর কাছে এই ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে। মোস্তাকিম একই উপজেলার উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে। আহত শ্রী উদা একই এলাকার মুনষা নারায়ণের ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, এদিন ভোরে দিনাজপুর ব্যাটালিয়নের ৪২ বিজিবির পীরগঞ্জের চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩৩-এর কাছে ভারতের ৬৩ নম্বর চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের একটি টহলদল গুলি চালায়। এতে তিন বাংলাদেশি গুরুতর আহত হন।

পরে বিএসএফ সদস্যরা আহত তিনজনকে উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুজ্জামান ও মোস্তাকিমের মৃত্যু হয়। আহত শ্রী উদা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী বলেন, ‘বিএসএফের গুলিতে নিহত দুজনই তাদের এলাকার বাসিন্দা। ভারতীয় সংবাদমাধ্যমের মাধ্যমে তাদের মৃত্যুর খবর জানা গেছে। বিষয়টি বিজিবিকে আনুষ্ঠানিকভাবে জানানোর প্রক্রিয়া চলছে।’

৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন বলেন, ‘বিষয়টি বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছেন। তবে বিএসএফের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনার বিস্তারিত তথ্য জানতে এবং পরবর্তী পদক্ষেপ নিতে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।’

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর