রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ডেঙ্গুতে মায়ের মৃত্যু, পৃথিবীর আলো দেখা হলো না গর্ভের শিশুর

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পিএম

শেয়ার করুন:

ডেঙ্গুতে মায়ের মৃত্যু, পৃথিবীর আলো দেখা হলো না গর্ভের শিশুর
মৃত অর্পিতা দাশ। ছবি: ঢাকা মেইল

চট্টগ্রামে ডেঙ্গুতে অর্পিতা দাশ নামে এক গর্ভবতী মায়ের মৃত্যু হয়েছে। একই সঙ্গে তার গর্ভে থাকা শিশুটিও মারা যায়। সামনের মাসে শিশুটি জন্মদানের সম্ভাব্য সময় ছিল। 

শুক্রবার চট্টগ্রাম মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি নগরীর পাথরঘাটা এলাকায় সানরাইজ গ্রামার স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন। 

গত ৬ সেপ্টেম্বর অর্পিতা দাশের ডেঙ্গু শনাক্ত হয়। পরদিনই তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে অন্য একটি বেসরকারি হয়ে বৃহস্পতিবার তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, অর্পিতা ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার তাকে হাসপাতালে আনা হয়। এরপর তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। মা মারা যাওয়ায় তার গর্ভের সন্তানটিও মারা যায়।

এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ বছর বয়সী আবরার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে নগরীর হালিশহর এলাকার বাসিন্দা।

শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত নিয়মিত ডেঙ্গু রোগের তথ্য বিজ্ঞপ্তিতে বলা, গত বুধবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আবরারের মৃত্যু হয়।

চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে চলতি মাসের প্রথম ১১ দিনে ছয়জনের মৃত্যু হলো। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর