শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শেরপুরের গারো পাহাড় সীমান্তে মাদক কারবারিদের শক্তিশালী নেটওয়ার্ক

আতিকুর রহমান খান, শেরপুর
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম

শেয়ার করুন:

শেরপুরের গারো পাহাড় সীমান্তে মাদক কারবারিদের শক্তিশালী নেটওয়ার্ক
শেরপুরের গারো পাহাড় সীমান্তে মাদক কারবারিদের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠেছে

অভিযান হয়, মাদক জব্দ হয়, মামলা হয়, গ্রেফতার হয়- তবু থামছে না শেরপুরের গারো পাহাড় সীমান্তে মাদক পাচার। ভারত সীমান্তঘেঁষা সীমান্তের প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে সক্রিয় মাদক কারবারিদের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠেছে। ধারণা করা হচ্ছে, শক্তিশালী নেটওয়ার্কের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর টহলের খবরও আগেভাগে পৌঁছে যায় মাদক কারবারিদের কাছে। ফলে অভিযান শুরু হওয়ার আগেই নিরাপদে সরে যান মাদক পাচারকারীরা।

স্থানীয়দের ভাষ্য, দুর্গম পাহাড়ি পথকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে দিন-রাত চলছে মাদক পাচার। সীমান্তের ওপার থেকে মাদক এনে পাহাড়ের বিভিন্ন স্থানে মজুত করার পর ট্রাক, বাস, পিকআপ, কভার্ডভ্যান, সিএনজি, ইজিবাইক ও মোটরসাইকেলে তা শেরপুর জেলা সদরসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়।

স্থানীয়দের অভিযোগ, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রাম, সন্ধ্যাকুড়া, গোমড়া ও রাংটিয়া এলাকায় নারী-পুরুষসহ শতাধিক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত।

Drug_smuggling_along_the_Garo_Hills_border_in_Sherpur
শেরপুরের গারো পাহাড় সীমান্তে মাদক কারবারিদের শক্তিশালী নেটওয়ার্ক। ছবি- ঢাকা মেইল

তাদের ভাষ্য, সীমান্তের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে মাদক কারবারিদের ‘সোর্স’ রয়েছে। বিজিবির টহল দল কখন কোথায় যাচ্ছে- মুহূর্তেই সে খবর পৌঁছে যায় সংশ্লিষ্টদের কাছে। এরপর বদলে ফেলা হয় পাচারের রুট।

সীমান্তের প্রায় ৪০ কিলোমিটার এলাকায় বিজিবির আটটি ক্যাম্প রয়েছে। এরপরও পাচার বন্ধ না হওয়ায় নজরদারি ও অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি

স্থানীয়দের দাবি, দুর্গম পাহাড়ি এলাকা, বেহাল সড়ক, ক্যাম্পগুলোর দূরত্ব এবং স্থানীয় পর্যায়ে অসহযোগিতার কারণে পাচার ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

মাদক পরিবহনে ১৫ থেকে ২০টি কভার্ডভ্যান ব্যবহারের অভিযোগও রয়েছে।

স্থানীয়দের দাবি, এর মধ্যে চারটি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে। তবে এ দাবির পক্ষে সরকারি কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।

মাদক কারবারিদের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না বলেও অভিযোগ স্থানীয়দের।

Drug_smuggling_along_the_Garo_Hills_border_in_Sherpur_1
শেরপুরের গারো পাহাড় সীমান্তে মাদক কারবারিদের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠেছে

স্থানীয়দের ভাষ্য, ২০২৫ সালে নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের কয়েকজন ব্যক্তি পিকআপভ্যানে মাদক নিয়ে ময়মনসিংহের ফুলপুরে যাওয়ার সময় একটি গোয়েন্দা সংস্থা তাদের অনুসরণ করে।

আরও পড়ুন: ভুসির বস্তায় মিলল ১০৮ বোতল বিদেশি মদ, আটক ৩

পরে নকলা উপজেলার একটি এলাকায় গরুচোর সন্দেহে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে গণপিটুনিতে মসলেউদ্দিন ও নুর ইসলাম নামে দুজন নিহত হন বলে স্থানীয়রা জানান।

তবে এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, গত এক বছরে তাদের অভিযানে প্রায় ৭০ কোটি টাকা মূল্যের মাদক ও ভারতীয় সামগ্রী জব্দ হয়েছে। আইনের আওতায় আনা হয়েছে শতাধিক কারবারিকে।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকজনের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা ও গ্রেফতার পরোয়ানা। কিন্তু এরপরও প্রকাশ্যেই চলছে মাদক কারবার।

Drug_smuggling_along_the_Garo_Hills_border_in_Sherpur_2
শেরপুরের গারো পাহাড় সীমান্তে মাদক কারবারিদের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠেছে

গত আগস্টে ঝিনাইগাতী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সীমান্তে মাদক পাচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ কমিটির সদস্যরা।

ওই সভায় পাচার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন: সীমান্তে ৭৭ লাখ টাকার ভারতীয় মালামাল ও মাদকদ্রব্য জব্দ

নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান বলেন, ‘মাদক পাচার রোধে স্থানীয়দের সচেতন করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার করা প্রয়োজন।’

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ বলেন, তিনি সম্প্রতি থানায় যোগ দিয়েছেন।

 তিনি বলেন, ‘যোগদানের পর কয়েকটি অভিযানে তিন লাখ টাকার বেশি মূল্যের মাদক উদ্ধার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হয়েছে। মাদক পাচার রোধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।’

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ‘মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।’

তিনি আরও বলেন, ‘মাদকের বিষয়ে কোনো ছাড় নেই।’

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর