শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘বাংলার মাটিতে জামায়াতের কোনো স্থান দেওয়া হবে না’

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম

শেয়ার করুন:

‘বাংলার মাটিতে জামায়াতের কোনো স্থান দেওয়া হবে না’
রাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। ছবি: ঢাকা মেইল

আগামী নির্বাচন সামনে রেখে রাজশাহীতে নারী ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে বিএনপির মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। এ সময় ‘বাংলার মাটিতে জামায়াতে ইসলামীর কোনো স্থান দেওয়া হবে না’ বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) রাজশাহী নগরীতে আয়োজিত আলোচনা সভায় এমন হুঁশিয়ারি দেন দলটির নেতারা।

রাজশাহী জেলা মহিলা দলের উদ্যোগে বিকেলে নগরের আলুপট্টি মোড় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে মুনলাইট গার্ডেনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।

সভায় বিএনপি নেতারা বলেন, দেশের মোট ভোটারের বড় একটি অংশ নারী। বিএনপির অন্যতম প্রধান ভোট ব্যাংকও নারী ভোটার। তাই ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা পর্যায়ে মহিলা দলের সংগঠন শক্তিশালী করার পাশাপাশি স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, নারীরা সমাজের সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। দেশের নারী ভোটারদের গুরুত্ব কোনো অংশেই কম নয়; বরং নারীরাই বিএনপির অন্যতম প্রধান ভোট ব্যাংক। 

মহিলা দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা পর্যায়ে এখন থেকেই সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। যেসব এলাকায় মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি হয়নি, সেখানে দ্রুত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের কাজও শুরু করা প্রয়োজন। 

শফিকুল হক মিলন বলেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ করতে হবে। মানুষের কাছে গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক সক্ষমতাকে গুরুত্ব দিতে হবে।

প্রধান বক্তা রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, নির্বাচন সামনে রেখে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হতে পারে। নারী নেতাকর্মীদের এসব বিষয়ে সতর্ক থেকে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। 

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, ধর্মের নামে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে নেতাকর্মীদের সচেতনভাবে কাজ করতে হবে। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলার মাটিতে জামায়াতের কোনো স্থান দেওয়া হবে না।

সভায় বিশেষ অতিথি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ধর্মের দোহাই ও নানা প্রতিশ্রুতির মাধ্যমে নারী ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে। ঋণ, খাবার, টাকা বা বিভিন্ন সুবিধার প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।‌ 

তিনি বলেন, ধর্মীয় পরিচয় বা বক্তব্য শুনেই কাউকে বিশ্বাস না করে তার কাজ ও রাজনৈতিক অবস্থান বিবেচনা করতে হবে। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিরুদ্ধেও মানুষকে সচেতন করতে হবে।

রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি শামসাদ বেগম মিতালির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। 

সভা সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেন। অনুষ্ঠানে বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর