শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

খুলনায় থানার কাছে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ এএম

শেয়ার করুন:

খুলনায় থানার কাছে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

খুলনা মহানগরীর দৌলতপুরে প্রকাশ্যে গুলি করে জলিল মুন্সি (৩৫) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সোয়া আটটার দিকে যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান থানা-সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জলিল মুন্সি দৌলতপুর থানার কুলিবাগান এলাকার দিলু মুন্সির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জলিল মুন্সি মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে জলিলের বুকের ডান পাশের ওপরের দিকে ও পিঠের বাম পাশে গুলি লাগে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

গাজীপুরে লাগেজ ও বস্তা থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

পুলিশ জানায়, ঘটনার সময় দৌলতপুর থানার একটি সিভিল টিম ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করছিল। গুলির শব্দ শুনে ও ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজনদের ধাওয়া করে। এ সময় আসিফ মোল্লা (২৫) ও তার সঙ্গে থাকা এক অজ্ঞাতনামা ব্যক্তি মোটরসাইকেলে করে পালিয়ে যান।

পুলিশ আরও জানায়, রাসেল (৩২) নামের অপর এক সন্দেহভাজনকে ধাওয়া করার সময় তার হাতে পিস্তল দেখা যায়। পরে রাসেল পিস্তলসহ পাশের একটি বস্তিতে পালিয়ে যান। রাসেল দৌলতপুরের মধ্যডাঙ্গা হাইস্কুলের সামনের এলাকার মৃত সালামের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, প্রায় ১৫ দিন আগে রাসেলকে দৌলতপুর থানার পুলিশ আটক করে আদালতে পাঠিয়েছিল।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, সকালে কুলিবাগান মোড়ে দুর্বৃত্তরা জলিল নামে এক ব্যক্তিকে হত্যা করেছে। নিহত জলিল ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক ছিলেন। তিনি মাদকাসক্ত ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, তার কাছে কে বা কারা চাঁদা চেয়েছিল। ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর