বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির (৫৭) মৃত্যুর ঘটনায় পাঁচটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতি, ছোট ভাই দীপক চ্যাটার্জী, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরী এবং প্রশাসনের উদ্দেশে এসব নোট লেখা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে দৈনিক সমকালের বরিশাল ব্যুরো কার্যালয় থেকে পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। স্ত্রী ফোনে তাকে না পেয়ে বিষয়টি সুমন চৌধুরীকে জানান। পরে সুমন কার্যালয়ে গিয়ে দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। দরজার ফাঁক দিয়ে পুলককে ঝুলন্ত অবস্থায় দেখে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে লাশ উদ্ধার করে। রাত নয়টার দিকে লাশ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রশাসনের উদ্দেশে লেখা নোটে পুলক চ্যাটার্জি বলেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি শরীরের রোগযন্ত্রণা সহ্য করতে পারছিলাম না। সুস্থ থাকার জন্য অনেক চেষ্টা করেছি। ইন্ডিয়ার ভেলোরে পর্যন্ত ডাক্তার দেখিয়েছি। কিন্তু সুস্থ হতে পারিনি। অসুস্থতা আমাকে সামাজিকভাবে পিছিয়ে দিচ্ছে। শরীরের যন্ত্রণাকালে কোথাও যেতে পারতাম না।’ তিনি তার লাশ পরিবারের কাছে হস্তান্তরে প্রশাসনের সহযোগিতা চান।
স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশে লেখা নোটে পুলক লেখেন, ‘আমাকে ক্ষমা করে দিও। পৃথিবীতে কারো জন্য কিছু থেমে থাকে না। প্রকৃতি, তুমি পড়াশোনা ও গান শেখা চালিয়ে যেও। প্রিয়াংকা, আমার অনুপস্থিতি তোমার জীবনে পূরণ হবার নয়। তারপরও কারো জন্য কিছু থেমে থাকে না। তোমার দীপক (চান) ভাইয়ের সঙ্গে থেকো। দীপক তোমাকে আগলে রাখবে।’
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের উদ্দেশে লেখা নোটে পুলক তাকে স্ত্রী ও মেয়ের খোঁজখবর রাখতে অনুরোধ করেন। ছোট ভাই দীপক ও তাঁর স্ত্রী ইতির উদ্দেশে লেখা নোটেও স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতিকে আগলে রাখার অনুরোধ করেন তিনি।
দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীর উদ্দেশে লেখা নোটে পুলক লেখেন, ‘সুমন বিদায়। তোমাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য দুঃখিত। একসঙ্গে প্রায় দেড়যুগ কাজ করেছি, কখনো কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও। যদি পারো সমকালে আমার পাওনা টাকা আদায় করে তোমার বউদির হাতে দিও।’
বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, সুইসাইড নোট পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে।

পুলক চ্যাটার্জি সর্বশেষ দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মে মাসে তিনি চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি হতাশায় ভুগছিলেন বলে সহকর্মীরা জানান। মাঝেমধ্যে তিনি সমকাল কার্যালয়ে এসে বসতেন। জ্যেষ্ঠ সংবাদকর্মী হিসেবে তার অনুরোধে কার্যালয়ে প্রবেশের একটি বিকল্প চাবিও তাঁকে দেওয়া হয়েছিল।
পুলক বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য ছিলেন। তিনি দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্বও পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।
প্রতিনিধি/এসএস




