স্বৈরাচার দেশের অর্থনীতি লুণ্ঠন করে বিদেশে পালিয়ে গেছে এবং জনগণের ওপর কোটি কোটি ডলারের ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর পৌরসভায় বিএনপির ৯টি ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহিদ হোসেন বলেন, স্বৈরাচার দেশের অর্থনীতি লুণ্ঠন করে নিজেরাও পালিয়েছে, টাকাও নিয়ে গেছে। জনগণের ঘাড়ে লক্ষ কোটি ডলারের ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে। দেশীয় অর্থনীতিকে ফোকলা করে তারা পালিয়েছে।
তিনি বলেন, ঐতিহাসিকভাবেই বিএনপিকে সব সময় এমন ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তোলার দায়িত্ব নিতে হয়েছে।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করে মন্ত্রী বলেন, ১৯৭১ সালে যখন নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হয়েছিল, ঠিক তখনই তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশের হতাশাগ্রস্ত মানুষকে আশার আলো দেখিয়েছিলেন।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লবের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, তৎকালীন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ মেজর জেনারেল জিয়াউর রহমানকে নিজ বাসভবনে গৃহবন্দী করে নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেছিলেন। তবে ৭ নভেম্বর দেশের সিপাহী ও জনতা এক হয়ে রাজপথে নেমে বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করে।
মন্ত্রী আরও বলেন, পরবর্তী সাড়ে তিন বছর রাষ্ট্র পরিচালনা করে জিয়াউর রহমান দেশকে পুনর্গঠিত করেছিলেন।
অনুষ্ঠানে বিরামপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




