পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাফওয়ান ইসলাম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের আরাজি শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সাফওয়ান ওই এলাকার শাকিল ইসলাম ও রেজওয়ানা আক্তার দম্পতির একমাত্র ছেলে ছিল। তাদের চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য বিলকিস বেগম জানান, দুপুরে শিশুটির বাবা ও দাদা-দাদি বাড়িতে ছিলেন না। এ সময় মা রেজওয়ানা আক্তার তার দুই সন্তানকে বাড়ির উঠানে খেলতে দিয়ে রান্নাঘরের কাজে ব্যস্ত ছিলেন।
আরও পড়ুন
কিছুক্ষণ পর ছেলে সাফওয়ানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে বাড়ির পাশের গোরস্তান পার হয়ে পুকুরপাড়ে গিয়ে পানিতে শিশুটিকে ভাসতে দেখেন। পরে চিৎকার করে স্থানীয়দের সহায়তায় অচেতন অবস্থায় সাফওয়ানকে পানি থেকে উদ্ধার করা হয়।
এরপর স্থানীয়দের সহায়তায় শিশুটিকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
প্রতিনিধি/এলএ




