মৌলভীবাজারে ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় যানবাহনের ধাক্কায় একটি মুখপোড়া হনুমান মারা গেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গলের ৬ নম্বর পুল সংলগ্ন মৌলভীবাজার রোডে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকে হনুমানটি। এ সময় অখিল মালাকার নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক সেটিকে উদ্ধার করে প্রাথমিক সেবা হিসেবে মুখে পানি দেন এবং দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর পাঠান।
সংবাদ পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এসে আহত হনুমানটিকে উদ্ধার করেন। পরে সেটিকে চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান তারা।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মুখপোড়া হনুমানটিকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে হনুমানটির মরদেহ নিয়ম অনুযায়ী শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
প্রতিনিধি/এলএ




