নাটোরের বড়াইগ্রামে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার মানিকপুর গ্রামের মৃত আমজাদ মন্ডলের ছেলে লালচান মন্ডল (৩৫) এবং একই ইউনিয়নের ছাতিয়ানগাছা গ্রামের আফাজ মন্ডলের ছেলে মনিরুল ইসলাম (৩২)।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২ এর একটি দল রোববার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে উপজেলার মানিকপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় ওই এলাকার লালচান মন্ডল ও মনিরুল ইসলামকে আটক করা হয়।
আটক লালচান মন্ডল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তার বাড়ির গোয়াল ঘরের মাচার উপর একটি বস্তায় গাঁজা লুকিয়ে রাখার কথা। পরবর্তীতে তার গোয়ালঘর থেকে বস্তার ভেতর পলিথিনে মোড়ানো ছয়টি পোটলায় থাকা মোট ৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজাগুলো অবৈধভাবে সংগ্রহ করে নিজ বাড়িতে মজুত রেখেছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায়
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/এজে




