শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দরবারের মেলায় মাদকের ‘আসর’, ৫০ বছর পর বন্ধ সাপ্তাহিক মেলা

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ এএম

শেয়ার করুন:

দরবারের মেলায় মাদকের ‘আসর’, ৫০ বছর পর বন্ধ সাপ্তাহিক মেলা
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় প্রায় ৫০ বছর ধরে চলে আসা হজরত মজিদ শাহ দরবার শরীফের সাপ্তাহিক মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
 
অনুমতি ছাড়াই মেলা পরিচালনা এবং মেলা চলাকালে মাদকসেবনের অভিযোগের পর বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা প্রশাসনের দাবি, অভিযানের সময় মেলা পরিচালনার প্রয়োজনীয় কোনো অনুমতি পাওয়া যায়নি। একই সঙ্গে সেখানে মাদক ব্যবহারের প্রমাণও পাওয়া গেছে। পরে মেলার সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নড়িয়া উপজেলার ফুলতগঞ্জ এলাকায় অবস্থিত হজরত মজিদ শাহ দরবার শরীফে দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে প্রতি বুধবার সাপ্তাহিক মেলার আয়োজন হয়ে আসছিল। মেলাকে ঘিরে বিভিন্ন ধরনের দোকানপাট বসত। স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকার মানুষেরও সমাগম ঘটত।

তবে নিয়মিত এই সাপ্তাহিক মেলার জন্য উপজেলা প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছে প্রশাসন। দরবার শরীফে বার্ষিক মাহফিল আয়োজনের অনুমতি থাকলেও সাপ্তাহিক মেলার অনুমতি ছিল না। এ ছাড়া মেলা চলাকালে সেখানে মাদকসেবনের অভিযোগও ছিল বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

এর পরিপ্রেক্ষিতে বুধবার রাতে মেলা চলাকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেলার অনুমতিসংক্রান্ত বিষয় যাচাই করা হয় এবং মাদক ব্যবহারের প্রমাণ পাওয়ার দাবি করে প্রশাসন। পরে সাপ্তাহিক মেলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

তবে মেলা বন্ধের সিদ্ধান্তের সঙ্গে দরবার শরীফের ধর্মীয় কার্যক্রমকে এক করে দেখছে না উপজেলা প্রশাসন। ভক্ত-অনুরাগীদের নিয়মিত ধর্মীয় কার্যক্রম ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে কোনো বাধা থাকবে না। একইভাবে দরবার শরীফের বার্ষিক মাহফিল আয়োজনেও কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বুধবারের সাপ্তাহিক মেলাকে কেন্দ্র করে ফুলতগঞ্জ এলাকায় মানুষের সমাগম হয়ে আসছে। মেলায় অনিয়ম, বিশৃঙ্খলা কিংবা মাদকসেবনের মতো ঘটনা ঘটে থাকলে প্রশাসনের পদক্ষেপকে তারা স্বাগত জানান। তবে দরবার শরীফের ধর্মীয় কার্যক্রম ও বার্ষিক মাহফিল যেন স্বাভাবিকভাবে চলতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান বলেন, দীর্ঘদিন ধরে এখানে অনুমতি ছাড়া মেলা চলছিল। পাশাপাশি মেলা চলাকালে মাদক ব্যবহার হচ্ছে—এমন অভিযোগও ছিল। 

বুধবার রাতে আমরা অভিযান পরিচালনা করি। সেখানে মেলার অনুমতি না থাকার বিষয়টি পাওয়া গেছে এবং মাদক ব্যবহারের প্রমাণও পাওয়া যায়। এ কারণে মেলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে মেলা আয়োজন করতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। তবে দরবার শরীফের ভক্ত-অনুরাগীরা তাদের ধর্মীয় বিধিবিধান ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম নিয়মিতভাবে পালন করতে পারবেন। বার্ষিক মাহফিল আয়োজনেও কোনো বাধা থাকবে না।

প্রতিনিধি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর