ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মুঠোফোনে লুডু খেলার সময় ‘ভুল’ ধরিয়ে দেওয়ায় কিলঘুষিতে রফিক মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফিক ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত লোকমান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিশ্চিন্তপুর গ্রামের শহিদ মাস্টারের বাগানবাড়িতে বসে সালমান ও বশির নামে দুই যুবক মুঠোফোনে লুডু খেলছিলেন। এ সময় রফিক মিয়া সেখানে গিয়ে তাদের খেলা দেখছিলেন। খেলা চলাকালে রফিক হঠাৎ বলে ওঠেন, তাদের চাল ভুল হচ্ছে।
এ কথা শুনে সালমান ও বশির উত্তেজিত হয়ে পড়েন এবং খেলায় তাকে নাক গলাতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মাহফুজ মিয়া ও ধলু মিয়া নামে স্থানীয় দুই ব্যক্তি এসে তাদের শান্ত করে বিরোধ মীমাংসা করে দেন।
তবে মীমাংসার মাত্র পাঁচ মিনিট পরই সালমান ক্ষিপ্ত হয়ে রফিক মিয়ার গলা চেপে ধরেন। শ্বাসরোধের পাশাপাশি তাকে উপর্যুপরি কিলঘুষি মেরে মাটিতে ফেলে দেন। পরে স্থানীয় লোকজন রফিককে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রফিকের চাচাতো ভাই জিলু মিয়া বলেন, বশির ও সালমান মুঠোফোনে লুডু খেলছিল। খেলা চলাকালে রফিক তাদের ভুল ধরিয়ে দেয়। এ নিয়েই উত্তেজিত হয়ে তারা রফিককে মারধর করে। এরপরই সে মারা যায়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুঠোফোনে লুডু খেলাকে কেন্দ্র করে তর্কের জেরে এক যুবক নিহত হয়েছেন বলে আমরা জেনেছি। ময়নাতদন্তের জন্য লাশ রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এলএ




