বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চাঁদা না দিয়ে সাগরে জাল ফেলায় হামলা, ৪ জেলে আহত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম

শেয়ার করুন:

চাঁদা না দিয়ে সাগরে জাল ফেলায় হামলা, ৪ জেলে আহত
আহত চার জেলে। ছবি: ঢাকা মেইল

পটুয়াখালীর কলাপাড়ায় সাগরে জাল ফেলতে দাবি করা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছধরা ট্রলারে হামলা চালিয়ে চার জেলেকে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী শাহ আলম চৌকিদার ও তার ছেলেদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের মিনি সুইজারল্যান্ড সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন—মো. জাহাঙ্গীর (২৭), মো. মনির (২৩), ওমর ফারুক (৪৫) ও মস্তফা (৪২)। তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ি ধুলাসার ও ডালবুগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

আহত জেলেরা জানান, গত কয়েকদিন ধরে সাগরে জাল ফেলতে জেলে ওমর ফারুকের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন শাহ আলম। চাঁদা না দিয়ে বৃহস্পতিবার সকালে চার জেলেসহ ট্রলার নিয়ে মিনি সুইজারল্যান্ড সংলগ্ন বঙ্গোপসাগরে জাল ফেলেন ওমর ফারুক।

পরে শাহ আলম চৌকিদারের ছেলে ইলিয়াস একটি ট্রলার নিয়ে তাদের কাছে গিয়ে দাবিকৃত ১ লাখ টাকা চান। এ সময় টাকা না দেওয়ায় ইলিয়াস সাগর থেকে তাদের জাল নিয়ে চলে যান। পরে শাহ আলম, তার ছেলে ইলিয়াস ও রিয়াজসহ ২০ থেকে ২৫ জন সাগরে গিয়ে ওমর ফারুকসহ ট্রলারে থাকা চার জেলের ওপর অতর্কিত হামলা চালান। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে শাহ আলম চৌকিদার বলেন, জাল ফেলা নিয়ে তার ছেলের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়েছে। তবে চাঁদা দাবির কোনো ঘটনা ঘটেনি। চাঁদার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর