বিপ্লবী ওয়ার্কাস পার্টির প্রধান সাইফুল হক বলেছেন, বর্তমান জাতীয় সংসদের বিরোধী দল সংসদে ভেজা বিড়ালের মতো আচরণ করে অন্যদিকে বাইরে গেলে আবার বাঘ হওয়ার চেষ্টা করে। আসলে কোনটা সত্য। ভিতরের টা না বাইরের টা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে দলের জেলা কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সাইফুল হক বলেন, জামায়াতকে দেশের মানুষ সত্যিকার অর্থে বিরোধী দল মনে করে না। দেশের মানুষকে বোঝানোর জন্য জামায়াতে ইসলামী যৌক্তিক কারণে যেমন ওয়াকআউট করে তেমনি অযৌক্তিক কারণেও ওয়াকআউট করে। শুধু তাই নয়, তারা দেশব্যাপী লং মার্চ করছেন। এই লং মার্চে বক্তব্য দিচ্ছেন, সরকার দেশ চালাতে ব্যর্থ।
আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের পতন ঘটাবে। এ ক্ষেত্রে বিরোধী দলকে বলতে চাই, সরকারের পতন ঘটলে কি আপনারা ক্ষমতায় আসতে পারবেন কিংবা সরকার গঠন করতে পারবেন। এমন কোনো বাস্তবতা নেই। বরং বিরোধী দল সামাজিক অস্থিরতা বাড়িয়ে দিচ্ছেন। একই সাথে প্রশ্ন জাগছে, বিরোধী দল এসব করে পরাজিত ফ্যাসিস্টদের জমিন তৈরি করে দিচ্ছে।
আরও পড়ুন: ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর
তিনি আরও বলেন, রংপুরে সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলদারিত্ব এবং দুর্বৃত্তায়ন চলছে। এসব কারণে বিএনপির বদনাম হচ্ছে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলদারিত্ব যারা করেন, তাদেরকে রাজনৈতিক বিবেচনায় নেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে। তাদের আইনের আওতায় আনতে হবে।
সাইফুল হক আরও বলেন, বিএনপি সরকারের ৬-৭ মাস হয়েছে সরকার চালানোর। তাই মানুষ এখন কাজ দেখতে চায়, কোনও অজুহাত শুনতে চায় না। মানুষ বাস্তব কাজ দেখতে চায়। মানুষ এখন পর্যন্ত ধৈর্য ধরে আছে। বিএনপিকে মানুষ সময় দিচ্ছে। তার মানে অনন্তকাল এই সময় দিবে না। মানুষের মধ্যে ইতিমধ্যে পুঞ্জিভূত ক্ষোভ দানা বাঁধছে। সুতরায় রাস্তায় এই ক্ষোভ নামার আগেই দ্রব্যমূল্য ক্রয়সীমার মধ্যে নিয়ে আসেন, লক্ষ লক্ষ বেকার মানুষ রয়েছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন।
বিপ্লবী ওয়ার্কাস পার্টির রংপুর জেলার কর্মী সম্মেলনে দলের নেতা কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আকবর খান, মাহমুদ হোসেন, ফিরোজ আহমেদ, মাসুদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমএইচএইচ/এআরএম




