বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

খাতা পুনঃমূল্যায়নে বরিশালে বদলে গেল ১ হাজার ৫ শিক্ষার্থীর ফলাফল

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

খাতা পুনঃমূল্যায়নে বরিশালে বদলে গেল ১ হাজার ৫ শিক্ষার্থীর ফলাফল

২০২৬ সালের এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ করেছে বরিশাল শিক্ষা বোর্ড। পুনঃমূল্যায়নে ১ হাজার ৫ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এরমধ্যে ফেল থেকে পাস করেছেন ৭৯ শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন। মোট সংশোধন করা হয়েছে ৩ হাজার ১১৮টি খাতার নম্বর।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরিশাল শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পুনঃমূল্যায়নের ফল প্রকাশ করা হয়। 

বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় এ বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ৮০ হাজার ৪৫৮ জন। মূল ফল প্রকাশের পর ফলাফল নিয়ে অসন্তুষ্ট ১৭ হাজার ২৮৩ শিক্ষার্থী খাতা পুনঃমূল্যায়নের জন্য আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ৫০ হাজার ২৯৩টি খাতা পুনঃমূল্যায়ন করা হয়েছে।

পুনঃমূল্যায়নে ৩ হাজার ১১৮টি খাতার নম্বরে সংশোধন করা হয়েছে। এতে ১ হাজার ৫ শিক্ষার্থীর গ্রেড ও ফলাফলে পরিবর্তন এসেছে। সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে ফেল করা শিক্ষার্থীদের ক্ষেত্রে। পুনঃমূল্যায়নের পর ৭৯ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।

এ ছাড়া মূল ফল প্রকাশের সময় জিপিএ-৫ না পাওয়া ১১২ শিক্ষার্থী পুনঃমূল্যায়নের পর নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন। 

বোর্ড সংশ্লিষ্টরা জানান, খাতা পুনঃমূল্যায়নের সময় পরীক্ষার্থীর উত্তরপত্রে কোনো প্রশ্নের উত্তর মূল্যায়ন না হওয়া, নম্বর প্রদানে ভুল কিংবা নম্বর যোগে অসংগতিসহ নির্ধারিত নিয়ম অনুযায়ী বিষয়গুলো যাচাই করা হয়। যাচাই শেষে প্রয়োজনীয় সংশোধন করে সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, পুনঃমূল্যায়নের ফলাফল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সংশোধিত ফলাফলই শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষা কার্যক্রমে প্রযোজ্য হবে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর