চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনায় সেনাসদস্য তাসনিম রিফায়াত নিহত হওয়ার খবরে তার গ্রামের বাড়ি রাজশাহীর পবা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। নিহত রিফায়াতের মরদেহ রাজশাহীতে পৌঁছানোর পর দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নিহত তাসনিম রিফায়াত পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের আসাদুল হকের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি মেজ। তার আড়াই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তার নাম রাফতা তাসলিম ইকরা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে স্বজনেরা জানান, কারিগরি শিক্ষা থেকে এসএসসি পাসের পর রিফায়াত রাজশাহী সিটি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হন। সেখানে পড়াশোনার সময় সেনাবাহিনীতে তার চাকরি হয়। প্রায় ১০ বছর ধরে তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
রিফায়াতের ভাই দীপ্ত বলেন, সেনাবাহিনীর আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ রাজশাহীতে আনা হবে। এতে দুপুর হয়ে যেতে পারে। সামাজিক কবরস্থানে দাফনের জন্য এরই মধ্যে কবর খননের কাজ চলছে। তিনি ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চান এবং দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
রিফায়াতের বাবা আসাদুল ইসলাম বলেন, ‘আমার তিন ছেলে ও এক মেয়ে। রিফায়াত মেজ ছেলে। চাওয়ার কিছু নেই, ছেলের জন্য সবাই দোয়া করবেন।’
স্বজনেরা জানান, বৃহস্পতিবার দুপুরের মধ্যে রিফায়াতের মরদেহ রাজশাহীতে পৌঁছাতে পারে। এরপর স্থানীয় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এ জন্য কবর খননসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এসএস




