ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে মেঘনা নদীর তীর ধসে পাঁচ বন্ধু নদীতে পড়ে গেছেন। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ দুজন হলেন আমজাদ হোসেন (২৭) ও রাকিব আহমেদ (২২)। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের গরীবের ডুবাই বালুমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ আমজাদ ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. ইব্রাহিম মিয়ার ছেলে। রাকিব শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় পাঁচ বন্ধু মেঘনা নদীর তীরে নদী সংরক্ষণের জন্য স্থাপিত জিওব্যাগের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ জিওব্যাগসহ নদীর তীরের একটি অংশ ধসে গেলে পাঁচজনই নদীতে পড়ে যান। পরে ফাহিম (২২), আব্দুল্লাহ (২৫) ও সাগর (২৫) সাঁতরে তীরে উঠতে পারলেও আমজাদ ও রাকিব নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় লোকজনও তাদের উদ্ধারে সহযোগিতা করছেন। তবে পর্যাপ্ত সরঞ্জাম ও প্রয়োজনীয় উদ্ধারকারী দল না থাকায় তাৎক্ষণিকভাবে নিখোঁজ দুজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে প্রয়োজনীয় সরঞ্জাম ও উদ্ধারকারী দল নিয়ে আবারও অভিযান চালানো হবে বলে সংশ্লিষ্টরা জানান।
এদিকে, দুই বন্ধু নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্বজন ও স্থানীয় লোকজনের ভিড় জমে। স্বজনদের আহাজারিতে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। নিখোঁজ দুজনকে উদ্ধারে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস




